• ২৫ কার্তিক ১৪৩৩, রবিবার ১৫ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Transport Minister

রাজ্য

পরিবহন ব্যবস্থার পরিকাঠামো পর্যালোচনা করতে বর্ধমানে প্রশাসনিক সভা পরিবহন মন্ত্রীর

দক্ষিণবঙ্গের পরিবহন ব্যবস্থা নিয়ে প্রশাসনিক সভা করতে বর্ধমানে এলেন রাজ্যের নতুন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিন দক্ষিবণবঙ্গের মোট পাঁচটি জেলার পরিবহন দপ্তরের পরিকল্পনা নিয়ে সভা করেন তিনি। রাজ্যস্তরের আধিকারিকরা ছাড়াও এই সভায় জেলাগুলির আধিকারিকরাও অংশ নেন। নবনিযুক্ত পরিবহনমন্ত্রী জানান, পরিবহন ব্যবস্থা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকলে তা দ্রুত নিরসনের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হচ্ছে। এছাড়াও ওভারলোডিং বা অন্যান্য অভিযোগ উঠলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি পরিবহন, কর্পোরেশনগুলিকে আরো আধুনিক করে তোলা হবে। এছাড়াও তিনি জানান, ১৫ বছরের বেশি গাড়িগুলি বাতিল করার নির্দেশ এসেছে। সরকারি ও ব্যক্তিগত স্তরে রাতারাতি এত গাড়ি পরিবর্তন করা বড় ধরণের খরচের ব্যাপার। এ ব্যাপারে তারা নির্দিষ্ট স্তরে দরবার করবেন যাতে একাজের জন্য আরো সময় পাওয়া যায়।

আগস্ট ১২, ২০২২
রাজ্য

নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দুর

অতীতে সিপিএম সাংসদ অনিল বসু ব্যক্তিগত কটু কথার রাজনীতি করতেন বলে মানুষ সমর্থন করত না। সমালোচনা হতে পারে। আমরা কেউ তার উর্ব্ধে নই। কিন্তু যদি কোনও জনপ্রতিনিধি আমাকে বা আমার পরিবারকে ব্যক্তিগত কটূকথা বলে, আপনারা কি তাঁকেও সমর্থন করবেন? এনিয়ে জনতার মতামত নেন শুভেন্দু। জনতা তাঁকে সমর্থন করেন। শুক্রবার হুগলির বলাগড়ে জনসভা থেকে নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আক্রমণ শানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও পড়ুন ঃ জগদ্ধাত্রী পুজোয় ভক্তদের জন্য বন্ধ বেলুড়ের সারদা পিঠ প্রসঙ্গত কয়েকদিন আগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর নাম না করে এক দলীয় সভায় বলেছিলেন, হিসাবটা আমরা বুঝে নেব। চলে যা বিজেপিতে। কোনও অসুবিধা নেই। যাবি কংগ্রেসে, চলে যা। তাতেও কোনও অসুবিধা নেই। সিপিএমে যাবি, চলে যা। তাতেও কোনও অসুবিধা নেই। দাদার অনুগামী হলে দাদার সঙ্গে চলে যা। তৃণমূল কংগ্রেস করে বেইমানি করলে বাড়ি ঢুকতে দেব না। দেখি কত বড়। দেখতে চাই কত হিম্মত রয়েছে। বাংলার মাটিতে দেখতে চাই, কোন দাদার কত অনুগামী? লড়াই করতে এসেছি। লড়ে যাব। লড়াইয়ের ময়দানে এক ইঞ্চিও ছাড়ব না। বেইমানদের আগামী দিনে বুঝিয়ে দেব।মমতা বন্দ্যোপাধ্যায় নামের গাছের তলায় বড় হয়েছিস। ৪টে মন্ত্রিত্ব পেয়েছিস, ৪ খানা চেয়ারে আছিস। কত পেট্রোল পাম্প করেছিস! মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মিউনিসিপ্যালিটিতে আলু বিক্রি করতিস রে, আলু বিক্রি করতিস।

নভেম্বর ২০, ২০২০
রাজ্য

এবার শুভেন্দুর ছবি দেওয়া হোর্ডিং হাওড়া শহরে

পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর হোর্ডিং এবার হাওড়া শহরে। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন বেলেপোল এর হ্যাংস্যাং ক্রসিংয়ে লাগানো হয়েছে ওই বিশাল হোর্ডিং। নিচে লেখা আমরা দাদার অনুগামী। হোর্ডিংয়ের উপরে লেখা চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। এছাড়াও শুভেন্দুকে একজন দক্ষ প্রশাসক, দক্ষ সংগঠক, উদার ও নির্ভীক জননেতা এবং বঙ্গের বন্ধু হিসাবে উল্লেখ করা হয়েছে। হোর্ডিংয়ে রয়েছে শুভেন্দু অধিকারীর ছবিও। আরও পড়ুন ঃ বাবা-মাকে খুনের ঘটনায় ধৃত ছেলের ২ দিনের পুলিশ হেফাজত এই হোর্ডিংয়ের কিছুটা দূরেই আমরা দাদার অনুগামীর তরফ থেকে লাগানো হয়েছে আরও একটি হোর্ডিং। তাতে লেখা যার কাছে সবকিছু বলা যায়। যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। যাকে আপন বলে ভাবা যায়। যার কাছে বিশ্বাসটুকু রাখা যায়। সেইতো জননেতা। তুমি আমাদের সেই নেতা। আমাদের এই সম্পর্ক যেন থাকে চির অটুট। স্বাভাবিকভাবেই হাওড়া শহরের প্রাণকেন্দ্রে এই দুই হোর্ডিং ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই হোর্ডিং দিয়েছে তা অবশ্য জানা যায়নি।

নভেম্বর ১৯, ২০২০
রাজ্য

 আমি 'নমিনেটেড' নই , ইলেকটেডঃ শুভেন্দু

কেন্দ্রের কাছে পৃথক সমবায় দফতরের দাবি জানালেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এদিন বলেন , আমি নমিনেটেড নই! সমবায় জীবনের শুরু থেকেই আমি ইলেকটেড। কালীপুজো ও ভাইফোঁটার কারণে ১৪ নভেম্বরের থেকে উদযাপনের দিন পিছিয়েছে। সমবায় আন্দোলনের ইতিহাস থেকে আজকের সমবায় ব্যবস্থার পোক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকা প্রসঙ্গ টেনে জওহরলাল নেহেরু , সিদ্ধার্থশঙ্কর রায়ের অবদানের কথা তুলে ধরেন শুভেন্দু । আরও পড়ুন ঃ বিজেপির বুথ কমিটির সম্পাদক খুন , অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তিনি আরও বলেন , সমবায় বিকল্প অর্থনীতি। সেই প্রসঙ্গে তিনি অবিভক্ত মেদিনীপুরের কথা তুলে ধরেন। তাঁর দাবি , সমবায় স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। স্বনির্ভর গোষ্ঠীর রেজিস্ট্রি এক জায়গায় হলেও মা - বোনেরা সমান গুরুত্ব পান না। তিনি মা - বোনেদের আরও গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেন ওই মঞ্চ থেকে। এদিন শুভেন্দুর পরণে ছিল নীল-সাদা উত্তরীয়। দলীয় সাংসদের সঙ্গে গোপন বৈঠকের পর তাঁর সঙ্গে দলের দূরত্ব কি মিটে যেতে চলেছে , এমনই জল্পনা সৃষ্টি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।

নভেম্বর ১৮, ২০২০
রাজনীতি

মাথায় আছে কি করতে হবেঃ শুভেন্দু

আগামী ১৯ নভেম্বর একটি সভা ডেকেছি। সেদিন একটু বেশি সময় নিয়ে অনেক কথা বলব। শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে কালীপুজোর উদ্বো্ধনী অনুষ্ঠানে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন রাজ্যের সেচ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি এদিন বলেন, একটা সময়ে যাদের উপকারে লেগেছিলাম , এখন তাদের অনেকের আমাকে নিয়ে সমস্যা হচ্ছে। নন্দীগ্রাম আন্দোলনে অনেক বাহাদুরকে না দেখা গেলেও ফেসবুকে আমাকে গালাগালি দিতে অনেককেই দেখা যাচ্ছে। ভাল সময়ে না থাকলেও খারাপ সময়ে শুভেন্দু পাশেই থাকে। আরও পড়ুন ঃ ২০২১ নির্বাচনে বাংলায় কৈলাসেই ভরসা কেন্দ্রীয় বিজেপির তিনি আরও বলেন , অনেক পদ আসে , আবার চলেও যায়। আজ পদ আছে , কাল থাকবে না। আমার কাছে পদ কিছু নয়। সেবক শুভেন্দু সাধারণের পাশে যেমন ছিল , তেমনই থাকবে। এরপর তিনি বলেন , যা বলতে হয় , তা করতে নেই। আর যা করতে হয় , তা বলতে নেই। তাঁর মাথায় আছে , কখন কি করতে হবে।

নভেম্বর ১৪, ২০২০
রাজনীতি

আমাকে আটকানোর ক্ষমতা কারও নেইঃ শুভেন্দু

ঘূর্ণিঝড়ের পর নন্দীগ্রামে কেউ আসেনি। আমিই বারবার ছুটে এসেছি, পাশে থেকেছি। শুক্রবার নন্দীগ্রামে কালীপুজো উদ্বোধনে এসে ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের সেচ ও পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নিজের মনোভাব আরও স্পষ্ট করে দিলে শুভেন্দু জানান, আমাকে আটকানোর ক্ষমতা কারও নেই। আপনাদের আশীর্বাদ, দোয়া, প্রার্থনাকে সঙ্গী করে আমি এগিয়ে যাব। আরও পড়ুন ঃ শুভেন্দুকে নিয়ে জল্পনার মাঝেই কাঁথিতে শিশির অধিকারীর সঙ্গে বৈঠক পিকের প্রসঙ্গত , বৃহস্পতিবার রাতে শুভেন্দু অধিকারীর বাড়িতে যান ভোটকৌশলী প্রশান্ত কিশোর। তিনি কাঁথির অধিকারী বাড়িতে যখন যান, শুভেন্দু বাড়িতে ছিলেন না। তারপর সেখানে বসেই ফোনে কথা হয় শুভেন্দুর সঙ্গে। কিন্তু পিকেকে ময়দানে নামিয়েও যে শুভেন্দুর মনোভাব বদলানো যায়নি, তা এদিন তাঁর মন্তব্যেই স্পষ্ট।

নভেম্বর ১৩, ২০২০
রাজনীতি

শুভেন্দুকে নিয়ে জল্পনার মাঝেই কাঁথিতে শিশির অধিকারীর সঙ্গে বৈঠক পিকের

রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃ্ণমূলের দূরত্ব বাড়ছে বলে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় শুভেন্দু অধিকারীর সঙ্গে সমঝোতায় যেতে কাঁথির অধিকারী বাড়িতে দল নিয়ে হাজির হলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। সেখানে শুভেন্দু অধিকারী ছিলেন না। তিনি তখন কালীপুজো উদ্বোধন করতে গিয়েছিলেন। পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শিশির অধিকারীর সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর। তাদের মধ্যে ঘণ্টা দুয়েক বৈঠক হয় বলে সূ্ত্র মারফত জানা গিয়েছে। ্কি বিষয়ে আলোচনা হয়েছে , তা অবশ্য জানা যায়নি। আরও পড়ুন ঃ পাহাড়ের জনতা দরিদ্রই থেকে গিয়েছেঃ দিলীপ প্রসঙ্গত , বৃহস্পতিবার ঘাটালে বিজয়া সম্মিলনীর মঞ্চে শুভেন্দুর ভাষণে ছিল দল ও নেত্রীর কথা। মঙ্গলবার নন্দীগ্রামে শহিদ স্মরণে সমাবেশের মঞ্চ থেকে ভাষণে দল এবং নেত্রীর কথা একবারও উচ্চারণ করেননি রাজ্যের পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী।

নভেম্বর ১৩, ২০২০
রাজ্য

দেখবি আর জ্বলবি, লুচির মত ফুলবিঃ শুভেন্দু

ফের সমালোচকদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাজ্যের সেচ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পান্ডুয়া সহ বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধন করতে যাওয়ার পথে ঘাটালে দুপুর দুটো নাগাদ একটি বিজয়া সম্মিলনীতে যোগ দেন তিনি। সেখানে তিনি বলেন , আমি ছিলাম, আছি, থাকবো। আপনারা আমার সঙ্গে আছেন তো ? পরিবহণ মন্ত্রীর সমর্থনে চিৎকার করে ওঠে বিশাল জনতা। এরপরেই তিনি বলেন , চরৈবতী চরৈবতী। দেখবি আর জ্বলবি, লুচির মত ফুলবি। এর পর হাসতে হাসতে তাঁর মন্তব্য, দেখবেন এই স্লোগানটা লরি বা বাসের পিছনে লেখা থাকে। লরি-বাস এগিয়ে যায় পিছনে সবাই পড়ে থাকে। সেটাই হবে এবার। আরও পড়ুন ঃ ৬ মাসের মধ্যে সব খুনের বিচার হবেঃ সায়ন্তন এদিন সভাস্থলে এসে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দেন তিনি। তিনি এদিন আরও বলেন , আমরা বিদ্যাসাগর, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরার জেলার ছেলে। স্বাধীনতা সংগ্রামীদের বাড়িতে আমার জন্ম। আমরা লড়াই করতে জানি। এ সব কথা বলার পাশাপাশি হঠাৎই তাঁর মুখে শোনা যায়, ছাত্রাবস্থা থেকেই এখানে আসছি। এখানে আসা আমার নতুন নয়। ২০১১ তে যখন আমার দল ও নেত্রী দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের যুদ্ধ করেছিলেন তখন এই অঞ্চলে আমি সংগঠন তৈরি করেছিলাম। আমাদের নেতা কর্মীদের মেরে ধরে হাত-পা ভেঙ্গে দেওয়া হয়েছিল। আমি নিজে তাদের হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। এদিনের এই বিজয়া সম্মিলনীতে রমাপ্রসাদ গিরি , তপন দত্ত, কাবেরী চ্যাটার্জি, দুলাল মণ্ডল সহ একদল দাপুটে তৃণমূল নেতা উপস্থিত ছিলেন।

নভেম্বর ১২, ২০২০
রাজনীতি

রাজনীতির মঞ্চে দেখা হবেঃ শুভেন্দু

রাজনীতির মঞ্চে দেখা হবে। লড়াইয়ের মাঠে দেখা হবে। শুভেন্দু ভয় পায় না। ২০০৭ সালের রক্তস্নাত সূর্যোদয় দিবসের বর্ষপূতি উপলক্ষে গড়চক্রবেড়িয়া হাইস্কুল মাঠে সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন রাজ্যের সেচ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবারের এই সভায় তিনি আরও বলেন , রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে রাজনৈতিক কথা বলব। কোন রাস্তায় গর্ত, কোথায় হোঁচট খাঁচ্ছি, কোন রাস্তায় হাঁটলে মসৃণ ভাবে চলব, সেটা তো রাজনৈতিক মঞ্চে বলব। পবিত্র প্ল্যাটফর্মে রাজনীতি করি না, করব না। এই প্রসঙ্গে তিনি আরও বলেন , আমি জানি সংবাদমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকরা অপেক্ষা করে আছেন। তারা আমার মুখ থেকে কিছু শুনতে চান। আমি বলব। সব বলব। নন্দীগ্রামের মঞ্চ থেকে একের পর এক ইঙ্গিতপূর্ণ বক্তব্য শুভেন্দু অধিকারীর। এছাড়াও তৃণমূলের নাম না করে শুভেন্দু খোঁচা দিয়ে বলেন, ১৩ বছর পর নন্দীগ্রামকে মনে পড়ল? ভোটের পর নন্দীগ্রামে আসবেন তো। এদিনের অরাজনৈতিক মঞ্চ থেকে বারবার শুভেন্দু অধিকারী বলেন, আমি নন্দীগ্রামে নতুন লোক নই, চেনা বামুনের পৈতের দরকার নেই। সবসময় আপনাদের পাশে রয়েছি। ক্ষমতা নিয়ে কোনও কিছু করিনি। জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছি। এই আন্দোলন শুভেন্দু অধিকারীর আন্দোলন নয়, স্বত:স্ফূর্ত লোকের আন্দোলন। তিনি আরও বলেন , নন্দীগ্রামের আন্দোলন কারও একার নয়। শুভেন্দু নিজের বক্তব্য শেষ করেছেন ভারতমাতা জিন্দাবাদ বলে। আরও পড়ুন ঃ শুভেন্দুর সঙ্গে তৃণমূলের বিভাজন? সভা-পাল্টা সভায় সরগরম নন্দীগ্রাম নন্দীগ্রামে অত্যাচারের কাহিনী তুলে ধরে বাংলার সুশীল সমাজের অবদানের প্রসঙ্গ টেনে মহাশ্বেতা দেবী, শুভাপ্রসন্ন, পল্লব কীর্তনীয়া, অর্পিতা ঘোষদের নাম নেন শুভেন্দু। সভার শেষে শুভেন্দুর জয় জয় নন্দীগ্রাম স্লোগানে মুখরিত হয়েছে গোটা এলাকা। এদিনের শুভেন্দুর সভায় উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, খেজুরীর বিধায়ক রণজিৎ মণ্ডল, নন্দীগ্রামের শহিদ মাতা ফিরোজা বিবি, সংগ্রাম দলুই সহ ভূমি উচ্ছেদ কমিটির সদস্যরা। শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ বক্তব্যের পূর্বে মঞ্চ থেকে উপস্থিত জনস্রোতকে প্রণাম জানিয়ে নন্দীগ্রামের আন্দোলনের ইতিহাস বর্ণনা করেন। সঙ্গে নন্দীগ্রামের প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের হাতে শীতের চাদর তুলে দেন।

নভেম্বর ১০, ২০২০
রাজ্য

পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমর্থনে চালু এবার নতুন ওয়েবসাইট

পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমর্থনে এবার নতুন ওয়েবসাইট চালু করল আমরা দাদার অনুগামীরা। www.dadaranugami.com এই লিঙ্ক-এ গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে ১২ নভেম্বর থেকে। তিনিই যে প্রকৃ্ত জননেতা , তা সকলের সামনে তুলে ধরার জন্য এই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। আরও পড়ুন ঃ ভূমিপুত্র সংরক্ষণ আইন অবিলম্বে পাস করানোর দাবিতে বিধায়ককে স্মারকলিপি বাংলা পক্ষের প্রসঙ্গত , সম্প্রতি দলের ব্যানার ছাড়া বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকছেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বিভিন্ন বক্তব্য রাখছেন। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে জল্পনা সৃষ্টি হয়েছে শাসক দলের অন্দরে। এরইমধ্যে আগামিকাল মঙ্গলবার নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। পালটা সভা করবেন ফিরহাদ হাকিম। এই দুটি সভার দিকে সকলের লক্ষ্য রয়েছে। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সদস্য অশোক করন বলেন, প্রস্তুতি প্রায় শেষ হয়ে গিয়েছে। তিনটে মঞ্চ করা হয়েছে। শুভেন্দু অধিকারীর জন্য আলাদা একটি মঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি মঙ্গলবারের সভায় লক্ষাধিক লোক আসবেন। মাঠে ৫০ হাজারের ওপর লোক হবে। অন্য জেলা থেকেও একাধিক গাড়িতে মানুষ আসবেন সভা শুনতে। উল্লেখ্য , শুভেন্দু অধিকারীর সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে পোস্টার পড়েছে। এনিয়ে দলের মধ্যে থেকে শুভেন্দু বিরোধী কিছু বক্তব্য মাঝেমধ্যেই প্রকাশ্যে চলে আসছে। রবিবারই দেখা গিয়েছিল , দলনেত্রীর সঙ্গে একই ব্যানারে শুভেন্দুর ছবি জায়গা করে নিয়েছে। এই ছবি দলের মধ্যে বেড়ে চলা বিরোধকে কিছুটা মেটাতে চেষ্টা করবে বলে মত রাজ্যের রাজনৈ্তিক মহলের।

নভেম্বর ০৯, ২০২০
রাজ্য

ক্ষমতার দম্ভ থাকলে মানুষ পাশে থাকে নাঃ শুভেন্দু

ক্ষমতার দম্ভ থাকলে মানুষ পাশে থাকে না। ক্ষমতা থেকে সরে যেতে হয়। মঙ্গলবার পটাশপুরে এক সভা থেকে এই মন্তব্য করলেন রাজ্যের সেচ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন , আপনারা দেখেছেন ২০০৯ সালে আমার মার্জিন ছিল এক লক্ষ ৭২ জাজার, ২০১৪-তে মার্জিন আড়াই লক্ষ হয়ে যায়। ভাল কাজ করলে, মানুষের সঙ্গে থাকলে সমর্থন বাড়বে। আরও পড়ুন ঃ ক্যানিংয়ে গুলিবিদ্ধ তিন তৃণমূল কর্মী , ধৃত ২ আর ক্ষমতার দম্ভ দেখালে ২৩৫ যেমন এখন উঠে গেছে, যারা পঞ্চায়েতে আছেন তারা মানুষকে নিয়ে চলেন অনেক দিন থাকবেন মানুষকে নিয়ে না চললে মানুষই সরিয়ে দেবে। তাঁর বক্তব্য , পার্টি দেখে কাজ করলে বেশি দিন থাকবেন না। মানুষকে নিয়ে কাজ করলে বেশি দিন থাকবেন। যতই ক্ষমতার দম্ভ দেখান না কেন মানুষ শেষ কথা বলে। আমি তা নন্দীগ্রামে দেখেছি। ২৩৫ আমরা, ৩০ জনের কথা শুনব কেন? তাঁর এদিনের করা মন্তব্য নিয়ে ফের রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে।

নভেম্বর ০৪, ২০২০
রাজ্য

কোনও নির্দিষ্ট লক্ষ্যর জন্য কাজ করলে হবে নাঃ শুভেন্দু

যার হুঁশ আছে , তাকে মানুষ বলে। আর এই হুঁশযু্ক্ত মানুষই একে অপরের জন্য কাজ করে। বুধবার বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন রাজ্যের সেচ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। মনীষিদের কথা উল্লেখ করে তিনি আরও বলেন , কো্নও নির্দিষ্ট লক্ষ্যর জন্য কাজ করলে হবে না। সকলের জন্য কাজ করতে হবে। আরও পড়ুন ঃ নৌকাডুবির ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্য সরকারের তিনি আরও বলেন , মানুষের জন্য কাজ করতে গেলে কারও ছাড়পত্র লাগে না। কোনও পদ লাগে না। ভারত সেবাশ্রম সংঘকে সঙ্গে নিয়ে লকডাউনের সময় সাড়ে চার হাজার লোককে খাইয়েছি। সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তির নির্দিষ্ট গণ্ডি আছে। তিনি সকলের কাছে আবেদন করেন, চলুন এবার আমরা নিজেদের মানুষের কাজে লাগাই।

অক্টোবর ২৮, ২০২০
রাজনীতি

শুভেন্দু অধিকারী করোনা আক্রান্ত

করোনা আক্রান্ত হলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছু দিন আগে তাঁর এক দাদা ও ভাইপো করোনায় আক্রান্ত হয়েছিলেন। জানা গেছে বৃহস্পতিবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। ঘনিষ্ঠ মহলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তার গতকাল সামান্য জ্বর থাকলেও শুক্রবার তার জ্বর নেই। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতে বয়স্ক বাবা থাকায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতলে ভর্তি হবেন। একইসঙ্গে জানা গেছে, তার মায়েরও রিপোর্ট কোভিড পজেটিভ এসেছে। তিনি ভর্তি রয়েছেন একটি বেসরকারি হাসপাতালে। এর আগে রাজ্যের একাধিক মন্ত্রী, তৃণমূল বিধায়ক, সাংসদ করোনা আক্রান্ত হয়েছেন। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় শিশির অধিকারীকে ফোন করেন। তিনি খোঁজ নেন শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য়ের। তাঁর পরিবারের সকলের খোঁজ-খবর নেন।

সেপ্টেম্বর ২৫, ২০২০

ট্রেন্ডিং

কলকাতা

ফের বিপাকে অভিষেক! জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে পোস্ট, শনিবারই থানায় হাজিরার নির্দেশ

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে সমাজমাধ্যমে করা একটি পোস্ট ঘিরে নতুন করে বিতর্কে জড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে গুজরাটিদের ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফের অভিষেককে তলব করল পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে তাঁকে ভবানীপুর থানায় হাজির হতে বলা হয়েছে।জ্ঞানেশ কুমারকে বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল বলে কটাক্ষ করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন অভিষেক। সেই পোস্টের বিরুদ্ধে গত ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি দাস। অভিযোগকারীর দাবি, একজন সাংসদের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য প্রত্যাশিত নয়। এই ধরনের মন্তব্যের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি নষ্ট হতে পারে বলেও অভিযোগ করেন তিনি।অভিষেকের বিরুদ্ধে হিংসা ও বিদ্বেষ ছড়ানো, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। সেই মামলার তদন্তের জন্যই শনিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে অভিষেককে ভবানীপুর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তবে এই একটি মামলাই নয়, এর আগেও পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলার সূত্রেই শুক্রবার কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁকে নোটিস দেয় পুলিশ।গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে অভিষেক অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। সরকার বদল হলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তাঁর এই মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়।এর পর ৩১ অক্টোবর এক মহিলা অভিষেকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়। শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে অভিষেকের বাড়িতে পৌঁছয় গিরিশ পার্ক থানার পুলিশ। সেখানে তাঁকে হাজিরার নোটিস দেওয়া হয়। আগামী ২০ নভেম্বর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।পুলিশের তরফে জানানো হয়েছে, অভিষেকের বাড়ির সদস্যরা নোটিসটি গ্রহণ করেছেন।এক দিকে জ্ঞানেশ কুমারকে নিয়ে সমাজমাধ্যমে করা পোস্টের জেরে ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ, অন্য দিকে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে গিরিশ পার্ক থানার নোটিস। পর পর দুটি ঘটনায় নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুই মামলায় কী পদক্ষেপ করেন, এখন সে দিকেই নজর রয়েছে।

নভেম্বর ১৪, ২০২৬
দেশ

বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, কিন্তু ভারত দিল দু’টি কঠিন শর্ত! কী হবে তাঁর প্রত্যাবর্তনের ভবিষ্যৎ?

২০২৪ সালের ৫ অগস্ট। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তখন উত্তাল। আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক বিমানে করে ভারতে এসে আশ্রয় নেন তিনি। তার পর কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। কিন্তু এখনও বাংলাদেশে ফেরা হয়নি তাঁর। এ বার অবশ্য দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন হাসিনা নিজেই। ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন তিনি। কিন্তু তাঁর প্রত্যাবর্তনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একাধিক বিষয়। নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও তা খারিজ করে দিয়েছে বাংলাদেশের সরকার। তা হলে কী ভাবে দেশে ফিরবেন শেখ হাসিনা? এই প্রশ্নের মধ্যেই সামনে এসেছে ভারতের দুটি শর্ত।বাংলাদেশ ছাড়ার পর থেকেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। প্রতিবেশী দেশের তৎকালীন প্রধানমন্ত্রী হিসাবে তিনি যখন আশ্রয় চেয়েছিলেন, তখন তাঁকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। হাসিনার পরিবারের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্কও এই সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। তবে বর্তমানে তাঁর বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে ভারতের অবস্থান কিছুটা স্পষ্ট করেছে বিদেশ মন্ত্রক। নয়াদিল্লির বক্তব্য, বিষয়টি সম্পূর্ণ আইনি। সেই অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ করা হবে।এরই মধ্যে হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুটি শর্তের কথা সামনে এসেছে। বিবিসি বাংলার একটি প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে এই দুটি শর্ত দিয়েছে ভারত। যদিও এই বিষয়ে ভারত সরকারের তরফে এখনও কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রথম শর্ত হল, হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে হবে সে দেশের সেনাবাহিনীকে। ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ছাড়ার সময় সামরিক বিমানে চেপেই ভারতের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছেছিলেন তিনি। এ বার বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রেও সেনাবাহিনীর ভূমিকা চায় নয়াদিল্লি। আকাশপথে হোক বা স্থলপথে, বাংলাদেশের সেনাবাহিনীকেই তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনীয় যাতায়াত ও অন্যান্য ব্যবস্থার ক্ষেত্রে ভারত সাহায্য করতে পারে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।দ্বিতীয় শর্তটি আরও গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারতের দাবি, বাংলাদেশে ফিরলে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পেতে হবে তাঁকে। শুধু তা-ই নয়, মামলাটির বিচারপ্রক্রিয়া নতুন করে শুরু করার সুযোগও নিশ্চিত করতে হবে। তবে এই শর্তের মাধ্যমে বাংলাদেশের বিচারব্যবস্থায় ভারত হস্তক্ষেপ করছে, এমন কোনও পরিস্থিতি তৈরি হোক, তা চায় না নয়াদিল্লি।উল্লেখ্য, বাংলাদেশ ছাড়ার পর প্রথমে লন্ডনে যাওয়ার ইচ্ছা ছিল শেখ হাসিনার। কিন্তু ব্রিটেনের সরকার তাঁকে আশ্রয় দিতে রাজি হয়নি বলে জানা যায়। ফলে শেষ পর্যন্ত ভারতেই থেকে যান তিনি। অন্য দিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই আবেদনের বিষয়ে দীর্ঘদিন কোনও স্পষ্ট জবাব দেয়নি নয়াদিল্লি।সূত্রের দাবি, ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে গিয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লিগের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে। দলটিকে আবার সক্রিয় করতে হলে হাসিনার দেশে ফেরা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই পরিস্থিতিতে ভারতের প্রস্তাব বিবেচনা করেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি বলে খবর।তবে সব কিছু নির্ভর করছে বাংলাদেশের সরকারের পরবর্তী সিদ্ধান্তের উপর। ভারতের শর্তে ঢাকা রাজি হবে কি না, হাসিনার আপিলের সুযোগ নিশ্চিত করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা আদৌ সম্ভব হবে কি না, এখন সেই প্রশ্নই ঘুরছে দুই দেশের রাজনৈতিক মহলে।

নভেম্বর ১৪, ২০২৬
রাজ্য

জাঁকিয়ে শীতের আগেই বড় বিপত্তি! বঙ্গোপসাগরে ফুঁসছে শক্তিশালী নিম্নচাপ, সরাসরি বাংলাতেই কি আঘাত?

নভেম্বরের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের দেখা নেই, উল্টে বৃষ্টির ভ্রুকুটিতে ফের কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে একটি নিম্নচাপ। সোমবারের মধ্যে সেখানে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। অর্ণব ও মুরাসুরের পর এবার বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে আকভান। এটি ঠিক কোন দিকে এগোবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। তবে এই ঝড়ের প্রভাবে আসন্ন জগদ্ধাত্রী পুজোয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৮ এবং ১৯ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনকি ১৯ নভেম্বর কলকাতার আকাশেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত কয়েকদিন ধরে কিছুটা ঠান্ডা অনুভূত হলেও, এই বৃষ্টির জেরে ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার পূর্বাভাস মিলেছে। গত শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি বেশি। ফলে এই মুহূর্তে শীতের আমেজ ফিকে হয়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাই বেশি।

নভেম্বর ১৪, ২০২৬
দেশ

সিকিমে ভয়াবহ তুষারপাত! বরফের চাদরে আটকে ৩০০-র বেশি গাড়ি, মাঝপথে বিপাকে হাজার পর্যটক

ফের ভারী তুষারপাতের জেরে বিপর্যস্ত পূর্ব সিকিম। বরফের চাদরে ঢেকে গেল পাহাড়ি রাস্তা। আটকে পড়ল তিনশোরও বেশি গাড়ি। বিপাকে পড়লেন প্রায় এক হাজার পর্যটক। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালাতে হয় ভারতীয় সেনা, পুলিশ ও সিকিম প্রশাসনকে। শেষ পর্যন্ত প্রায় এক হাজার পর্যটককে উদ্ধার করে নিরাপদে গ্যাংটকে ফেরানোর ব্যবস্থা করা হয়।বৃহস্পতিবার বিকেলের পর থেকেই পরিস্থিতি সামাল দিতে বিশেষ অভিযানে নামে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস। নাথু-লা, শেরথাং, বাবা ধাম এবং ছাঙ্গু হ্রদ সংলগ্ন এলাকায় শুরু হয় উদ্ধারকাজ। রাত পর্যন্ত অভিযান চালিয়ে তিনশোর বেশি আটকে পড়া গাড়ি উদ্ধার করা হয়। তার মধ্যে প্রায় আড়াইশোটি ছিল পর্যটকদের গাড়ি। প্রতিটি গাড়িকে নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা করেন সেনার জওয়ানেরা।সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ব সিকিমের উঁচু এলাকাগুলিতে তুষারপাত শুরু হয়। নাথু-লা, শেরথাং, বাবা ধাম এবং ছাঙ্গু হ্রদ এলাকায় বরফ পড়তে শুরু করে। তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই ওই সব এলাকায় পর্যটকদের ভিড় বাড়তে থাকে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারপাতের পরিমাণও বাড়ে। দ্রুত বদলে যায় আবহাওয়া।পাহাড়ি এলাকায় তাপমাত্রা অনেকটা নেমে যায়। প্রবল ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। উঁচু এলাকায় বাতাসে অক্সিজেনের মাত্রাও কমে যায়। এর মধ্যেই রাস্তার উপর জমতে থাকে পুরু বরফ। ফলে যান চলাচল ক্রমশ কঠিন হয়ে পড়ে। কয়েকটি জায়গায় রাস্তার উপর প্রায় এক ফুট পুরু বরফ জমে যায়।শেরথাং চেকপোস্ট ও পুলিশ স্টেশনের কাছে জওহরলাল নেহরু রোডের ১৫ মাইল ও ১৩ মাইলের মাঝামাঝি থুলা খোলা এলাকায় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। রাস্তা বরফে ঢেকে যাওয়ায় গাড়ির চাকা পিছলে যেতে থাকে। কোথাও কোথাও তৈরি হয় বিপজ্জনক ব্ল্যাক আইস। এই ধরনের বরফ বাইরে থেকে সাধারণ রাস্তার মতো দেখালেও অত্যন্ত পিচ্ছিল। ফলে চালকেরা গাড়ির নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় আর এগোতে পারেননি।এর পরই আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনা, পুলিশ ও প্রশাসন একসঙ্গে কাজ শুরু করে। বিশেষ অভিযানে একের পর এক গাড়িকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত প্রায় এক হাজার পর্যটককে নিরাপদে গ্যাংটকে ফেরানোর ব্যবস্থা করা হয়।উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও ভারী তুষারপাতের জেরে পূর্ব সিকিমে প্রায় তিন হাজার পর্যটক আটকে পড়েছিলেন। সে বারও ভারতীয় সেনার তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়েছিল। ফের একই ধরনের ঘটনায় পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নভেম্বর ১৩, ২০২৬
কলকাতা

কালীঘাটের বাড়িতে হঠাৎ পুলিশ! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস, ২০ নভেম্বর থানায় তলব

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে নতুন করে বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। সেখানে গিয়ে তাঁকে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। আগামী ২০ নভেম্বর গিরিশ পার্ক থানায় হাজিরা দিতে বলা হয়েছে সাংসদকে। পুলিশ সূত্রে খবর, অভিষেকের বাড়ির তরফে ওই নোটিস গ্রহণ করা হয়েছে।কী কারণে এই নোটিস? গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে অভিষেক অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। সরকার বদলের পর সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়।এর পর ৩১ অক্টোবর অভিষেকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। ওই মামলাতেই শুক্রবার সন্ধ্যায় অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকেরা। তাঁকে থানায় হাজিরার নোটিস দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, আগামী ২০ নভেম্বর দুপুর ১টা নাগাদ গিরিশ পার্ক থানায় হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে পুলিশের এই নোটিসের জবাবে অভিষেক কী পদক্ষেপ করেন, এখন সেটাই দেখার।উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। তার মধ্যেই পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে নতুন করে পুলিশের নোটিস ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। নির্ধারিত দিনে তিনি থানায় হাজিরা দেন কি না, সেদিকেই নজর রয়েছে।

নভেম্বর ১৩, ২০২৬
কলকাতা

এ বার পুলিশের কাজকর্মেও নজর রাখতে পারবেন সাধারণ মানুষ! বাংলায় চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ, কী সুবিধা পাবেন?

পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ করতে নতুন উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে চালু হল পুলিশ মিত্র অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে কোন এলাকায় কোন পুলিশ আধিকারিক কর্মরত রয়েছেন, তা জানতে পারবেন সাধারণ মানুষ। এমনকি, কোন বিট অফিসার কোন দায়িত্বে রয়েছেন, সেই তথ্যও পাওয়া যাবে। পুলিশের কাজকর্মে স্বচ্ছতা বাড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও মজবুত করতেই এই উদ্যোগ।এ দিন নবান্নের সভাঘর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অ্যাপ চালুর কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, পুলিশকে আরও জনমুখী করে তোলাই সরকারের লক্ষ্য। সাধারণ মানুষের জানা প্রয়োজন, তাঁদের এলাকার দায়িত্বে কোন পুলিশ আধিকারিক রয়েছেন। সেই তথ্য সহজে পাওয়া গেলে পুলিশের সঙ্গে মানুষের যোগাযোগও বাড়বে। প্রশাসনিক কাজেও আরও স্বচ্ছতা আসবে বলে মনে করছে রাজ্য সরকার।রাজ্যে পুলিশি ব্যবস্থার আধুনিকীকরণ নিয়েও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের হাতে আধুনিক সরঞ্জাম তুলে দেওয়া থেকে শুরু করে পরিকাঠামোর উন্নতি, সব দিকেই নজর দেওয়া হচ্ছে। পুলিশের জন্য নতুন গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থার কথাও আগেই জানিয়েছিলেন তিনি।এ দিন রাজ্যে পুলিশকর্মীর অভাবের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, পুলিশের কাজের পরিধি ক্রমশ বাড়ছে। কিন্তু সেই তুলনায় পর্যাপ্ত পুলিশকর্মী নেই। শুধু পরিকল্পনা করলেই হবে না, সেই পরিকল্পনা বাস্তবায়ন করাও জরুরি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করছে রাজ্য সরকার। পুলিশ আধিকারিকদের পাশাপাশি স্বরাষ্ট্রসচিবও গোটা কাজের উপর নজর রাখছেন।কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় নিয়েও এ দিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের আমলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যথেষ্ট সমন্বয় ছিল না। তবে নতুন সরকার কেন্দ্রের সঙ্গে যৌথ ভাবে কাজ করতে আগ্রহী। নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে কোনও তথ্য গোপন করতে চায় না রাজ্য। এই বিষয়ে ইতিমধ্যেই যৌথ সমন্বয় বৈঠকও হয়েছে বলে জানান তিনি।পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তার বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী। সেই কারণে পুলিশি ব্যবস্থার উন্নতি এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়ানোর উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। তবে নতুন সরকারের কাজের ফলাফল বিচার করার আগে আরও তিন মাস সময় দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

নভেম্বর ১৩, ২০২৬
রাজ্য

বক্সার জঙ্গলে আনা বাঘিনি কি অন্তঃসত্ত্বা ছিল? ঘুমপাড়ানি গুলির পর তিন শাবকের মৃত্যু, তদন্তে দিল্লির দল!

বক্সার জঙ্গলে বারবার পালিয়ে যাওয়া বাঘিনিকে ঘিরে রহস্য ক্রমশ বাড়ছে। বাঘিনিটি কি বক্সায় আনার আগেই অন্তঃসত্ত্বা ছিল? তাকে বারবার ঘুমপাড়ানি গুলি করে কাবু করার কারণে কি গর্ভেই মৃত্যু হয়েছে শাবকদের? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে বক্সায় পৌঁছেছে কেন্দ্রীয় বাঘ সংরক্ষণ সংস্থার একটি বিশেষজ্ঞ দল। দিল্লি থেকে আসা এই দলে রয়েছেন ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি এবং ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার বিশেষজ্ঞরা।সূত্রের খবর, বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছর বয়সি ওই বাঘিনিকে বক্সায় আনার জন্য চিহ্নিত করার সময়ই তার অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনার কথা সামনে আসে। আরও দাবি করা হচ্ছে, গত ৩ নভেম্বর অসমের রাইমোনা জাতীয় উদ্যানের কাছে গেলাগুড়ি গ্রাম থেকে বাঘিনিটিকে ঘুমপাড়ানি গুলি করে ধরা হয়। ওই রাতেই তাকে আবার বক্সার নির্দিষ্ট ঘেরাটোপে ফিরিয়ে আনা হয়। অভিযোগ, অসমে তাকে ঘুমপাড়ানি গুলি করার পর তার গর্ভে থাকা তিনটি ভ্রূণ নষ্ট হয়ে যায়।এই খবর সামনে আসতেই শুরু হয়েছে তীব্র চর্চা। যদিও বাঘিনির অন্তঃসত্ত্বা হওয়া বা তার গর্ভের শাবকদের মৃত্যুর বিষয়ে বন দফতরের আধিকারিকেরা এখনও কোনও তথ্য নিশ্চিত করেননি। বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের একাধিক আধিকারিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।বাঘ বিশেষজ্ঞদের একাংশের মতে, বাঘিনিটি সত্যিই অন্তঃসত্ত্বা হয়ে থাকলে তাকে অন্য জায়গায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ, জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের ২০১৯ সালের নির্দেশিকায় বলা হয়েছে, অন্তঃসত্ত্বা, শাবককে দুধ খাওয়াচ্ছে এমন বা ঋতুমতী বাঘিনিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে না। সেই নির্দেশিকা মেনেই বাঘিনিকে স্থানান্তর করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ জানিয়েছেন, বাঘিনিকে ঘিরে ওঠা অভিযোগ সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই। দিল্লি থেকে তদন্তকারী দল এসেছে। তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। তদন্তের রিপোর্ট হাতে এলেই প্রকৃত ঘটনা জানা যাবে।বনমন্ত্রীর আরও দাবি, বক্সার বাঘিনি, যাকে ডুয়ার্সরানি নামেও ডাকা হচ্ছে, বর্তমানে সুস্থ রয়েছে এবং বক্সাতেই আছে। সে যদি ওই জঙ্গলে স্থায়ী ভাবে থাকতে শুরু করে, তা হলে ভবিষ্যতে আরও বাঘ আনার পরিকল্পনা করা হবে।এ দিন বনমন্ত্রী নিজেও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে গিয়ে বাঘিনিটি যে এলাকায় রয়েছে, সেই এলাকা ঘুরে দেখেন। অন্য দিকে, বাঘিনিকে ঘিরে একের পর এক প্রশ্ন ওঠায় বন দফতরের অন্দরেও অসন্তোষ তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বন আধিকারিকের দাবি, তাঁরা জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের নির্দেশিকা মেনেই কাজ করছেন। বাঘিনির বয়স সম্পর্কে তাঁদের কাছে যে তথ্য দেওয়া হয়েছে, সেটাই তাঁরা মেনে নিয়েছেন।জানা গিয়েছে, বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বক্সায় আনার পর একাধিকবার বাঘিনিটিকে ঘুমপাড়ানি গুলি করে অচেতন করতে হয়েছে। কখনও রেডিয়ো কলার খুলে যাওয়ায় সেটি ঠিক করার জন্য, আবার কখনও বক্সা থেকে পালিয়ে অসমে চলে যাওয়ার পর তাকে ফিরিয়ে আনার জন্য এই পদক্ষেপ করা হয়। প্রতিবারই অচেতন করার পর জ্ঞান ফেরাতে ওষুধ দেওয়া হয়েছে।বাঘিনিটিকে বিহার, বাংলা ও অসমের মধ্যে সড়কপথে এবং আকাশপথে নিয়ে যাওয়া হয়েছে। বারবার স্থান পরিবর্তন, যাতায়াতের ধকল এবং ঘুমপাড়ানি ওষুধের প্রভাব তার শরীরে পড়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। সত্যিই কি বাঘিনিটি অন্তঃসত্ত্বা ছিল? তার গর্ভের শাবকদের কি মৃত্যু হয়েছে? নাকি এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন? আপাতত তদন্তকারী দলের রিপোর্টের দিকেই তাকিয়ে বন দফতর ও বন্যপ্রাণীপ্রেমীরা।

নভেম্বর ১৩, ২০২৬
দেশ

পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই উল্টো দিক থেকে এল ট্রাক! কাজিরাঙায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২৩

অসমের কাজিরাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনা। কন্টেনার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল একটি মিনিবাসের। এই দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনাগ্রস্ত বাসে বেশির ভাগ যাত্রীই পড়ুয়া ছিলেন বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার দুপুরে কাজিরাঙার কোহরা রেঞ্জের রঙ্গাজান এলাকায় হাতিকুলি চা বাগানের কাছে ৭১৫ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ভিতরে আটকে পড়েন বহু যাত্রী।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশ ও উদ্ধারকারী দলকে। বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার করে প্রথমে কোহরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত কয়েক জনকে জোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাসে মোট কত জন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনার সময় বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। কাজিরাঙা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় গতিসীমা নির্দিষ্ট থাকা সত্ত্বেও বাসটি দ্রুতগতিতে চলছিল বলে মনে করা হচ্ছে। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন অসমের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অতুল বোরা। তিনি উদ্ধারকাজের তদারকি করছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এখনও ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

নভেম্বর ১৩, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal